স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। বুধবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, মঙ্গলবার রাতের খবর পেয়ে আরামবাগের করিম ভিলা (৯৮/১ নম্বর) ভবনের চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের দুই হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে ভবনে ঢোকে। ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে মারধর করা হয়। এ মারধরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসসি