রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যানার ও লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ইতোমধ্যে ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেট ছাপার জন্য পাঠানো হয়েছে বলে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক।
ইসির অনুমোদিত প্রচারসামগ্রীতে গণভোটের প্রশ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে— ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?’ (হ্যাঁ/না)।
গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—
(ক) জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুসারে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন।
(খ) জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক করা।
(গ) সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে থাকা ৩০টি বিষয়ের সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা।
(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা। প্রচারসামগ্রীর শেষে হ্যাঁ বা না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি