রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে দুই সাবেক উপদেষ্টার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। তিনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লিখিত বক্তব্যও উপস্থাপন করেন।
ড. ইউনূস বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্তির পথে যে অবদান তাঁরা রেখেছেন, তা দেশ স্মরণ রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তাঁদের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি।
একে একটি ‘রূপান্তর মাত্র’ উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর পরিসরে ভবিষ্যতে আরও বড় অবদান রাখার সুযোগ রয়েছে। সরকারের কাজের অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে এই দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।
রিপোর্টার্স২৪/এসসি