এন্টারটেইনমেন্ট ডেস্ক: তামিল সুপারস্টার রজনীকান্ত জানিয়েছেন, ১৯৯৯ সালের তাঁর ব্লকবাস্টার সিনেমা পদযাপ্পা–তে নীলাম্বরী চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। সিনেমাটির পুনরায় মুক্তির ঘোষণা দিতে গিয়ে তিনি এ তথ্য দেন।
রজনীকান্ত বলেন, নীলাম্বরীর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঐশ্বরিয়াকে কাস্ট করতে নির্মাতারা বিশেষ আগ্রহী ছিলেন। তাঁর সম্মতি মিললে ২–৩ বছর অপেক্ষা করতেও আপত্তি ছিল না, মন্তব্য করেন তিনি। তবে ঐশ্বরিয়া রাজি না হওয়ায় শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতসহ আরও কয়েকজনের নাম বিবেচনায় আসে। শেষ পর্যন্ত পরিচালক কে. এস. রবিকুমারের প্রস্তাবে রাম্যা কৃষ্ণনই নীলাম্বরীর চরিত্রে অভিনয় করেন।
ভক্তদের জন্য আরও সুখবর দিয়েছেন রজনীকান্ত। তিনি নিশ্চিত করেছেন, পদযাপ্পার সিক্যুয়েল নির্মাণাধীন। নাম হবে ‘নীলাম্বরী: পদযাপ্পা টু’, যার শুরু হবে প্রথম অংশের গল্প থেকে।
২০১০ সালে এস. শংকরের রোবট সিনেমায় রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই প্রথম একসঙ্গে কাজ করেন। ভিএফএক্স ও প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে নতুন দিগন্ত উন্মোচন করে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত পদযাপ্পা ছিল সে বছরের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা। রজনীকান্তের ৭৫তম জন্মদিন উপলক্ষে চলচ্চিত্রটি নতুন রূপে দর্শকদের সামনে ফিরছে।
রিপোর্টার্স২৪/বাবি