| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৩:২৮:৩২:পূর্বাহ্ন  |  ৩৭৫৩১৩ বার পঠিত
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে এই তফসিল ঘোষণা করবেন- এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ইতোমধ্যে সিইসির ভাষণ বিটিভি ও বেতার কর্তৃপক্ষ রেকর্ড করেছে এবং নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসি সচিব জানান, আজ ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে। তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ সন্ধ্যার ভাষণেই জানা যাবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের ভাষ্যমতে, নির্বাচন ৮ বা ১২ ফেব্রুয়ারি হতে পারে।

এরই মধ্যে তফসিল ঘোষণার আগে সকল আয়োজন সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রেওয়াজ অনুযায়ী সাক্ষাৎ করে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপারের রং ও প্রস্তুতি, মক ভোটিংয়ের সময়সীমা, ভোট গণনার পদ্ধতি ইত্যাদি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে কমিশন। রাষ্ট্রপতি ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলে মত দিয়েছেন।

এছাড়া ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার যে গেজেট ইসি জারি করেছিল, তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ‘অবৈধ’ ঘোষণা করেছে। তবে এই রায় তফসিলে তেমন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ইসি সচিবও জানান, প্রয়োজনে পরে নিয়ম অনুযায়ী সংশোধন আনা সম্ভব।

আজ ঘোষিত তফসিলে মনোনয়ন ফরম সংগ্রহ, জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে গণভোটের ক্ষেত্রে শুধু ভোটের তারিখ উল্লেখ থাকবে।

এবার দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন- যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখা হলেও প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ থাকবে বলে জানিয়েছে ইসি।

সব মিলিয়ে আজ সন্ধ্যার দিকে দেশবাসী জানতে পারবে নির্বাচন ও গণভোটের দিন-তারিখ, যা রাজনৈতিক পরিস্থিতির নতুন দিক উন্মোচন করতে পারে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪