ফরিদপুর প্রতিনিধি: আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড, সহিংসতা, গুম-খুন এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের নানা প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমা এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করলেও নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই হাসপাতালে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে এসব ঘটনার দৃশ্য ধারণ করতে যেতেন তারা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারও কথায় পরিচালিত হবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না’। ভয়ভীতি দেখিয়ে জনগণকে দমনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুনের মাধ্যমে তাদের পরিবারকে অসহায় করে দেওয়া হয়েছে। অথচ এখন তারাই দেশ ছেড়ে পালিয়ে রয়েছেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কাউকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দাবি জানানো হয়নি; তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বর্তমানে অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
পোশাকশিল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এ শিল্পে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার পরিচালনা করছেন এবং সন্তানদের শিক্ষার ব্যয় বহন করছেন। অথচ এ খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার অপচেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী এবং দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার পোশাকশ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, তারা শুধু রাজনৈতিকভাবে পরাজিত নয়, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিববুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতারা।
রিপোর্টার্স২৪/রাফিদ