রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশসহ চার দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বরাত ফক্স নিউজ জানিয়েছে, এই সতর্কতা কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ক্ষেত্রে কার্যকর থাকবে।
প্রতিষ্ঠানটি এসব অঞ্চলে ভ্রমণকারীদের উন্নত সতর্কতা (Enhanced Precautions) অনুসরণের পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকুনগুনিয়ার কোনো নিরাময় নেই, তবে রোগটি টিকা-প্রতিরোধযোগ্য। আক্রান্ত এলাকায় ভ্রমণের আগে টিকা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোগটির সাধারণ উপসর্গের মধ্যে আছে জ্বর এবং তীব্র জয়েন্ট ব্যথা, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে স্থায়ী হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে কিছু রোগীর অবস্থা এতটাই গুরুতর হতে পারে যে অঙ্গহানি, তীব্র জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি তৈরি হয়, ফলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে।
ডব্লিউএইচও প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত রোগী চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশেও রোগটির ঝুঁকি বাড়ছে। একই সময়ে ঢাকায় ৭০০ সন্দেহভাজন কেস রিপোর্ট হয়েছে।
চীনের গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত কেস শনাক্ত হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। এ ছাড়া সিডিসি সতর্ক করে বলেছে, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভ্রমণকারী মার্কিন নাগরিকরাও চিকুনগুনিয়া সংক্রমণের বর্ধিত ঝুঁকিতে থাকতে পারে।
রিপোর্টার্স২৪/এসএন