রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।
নিহতদের সহপাঠী তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। পথিমধ্যে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর প্রথমে অপু আহমেদ এবং কিছুক্ষণ পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, তাদের দু’জনের বাসা শানারপাড়া চিটাগাং রোড এলাকায়। ঘটনার পর সিটি করপোরেশনের দুর্ঘটনাকবলিত গাড়িটি (ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম