রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের একটি ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনে আটকে পড়া মোট ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান।
তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে মোট ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বশেষ সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ সময় পর্যন্ত ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রিপোর্টার্স২৪/ঝুম