বেনাপোল প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে দেশ ছেড়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যেই সীমান্তজুড়ে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে কার্যত সীমান্ত সিলগালা করে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত কেউ যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।”
বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা রোধে কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কড়া নজরদারি ও তল্লাশি চলবে বলে জানিয়েছে বিজিবি।
রিপোর্টার্স২৪/আয়েশা