স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবক দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে ঘুরিয়ে ফেলে দেন। পরে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাকে আটক করে।
এ সময় উত্তেজিত জনতা আটক যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের পরিচয় জানা যায়নি।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
রিপোর্টার্স২৪/এসসি