| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:৩০:০৩:অপরাহ্ন  |  ৩৭০৫৯৭ বার পঠিত
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয়নি; এটি দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের ফল। ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১—প্রতিটি অধ্যায়ের আলাদা তাৎপর্য রয়েছে। তিনি বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে দূরে থেকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সম্মেলন কক্ষে ‘মহান বিজয় দিবস–২০২৫: সুযোগ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন।

আলোচনা সভায় ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। সততা, নৈতিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। ব্যক্তিগত প্রলোভন পরিহার করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য মোকাবিলায় সুশাসন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

প্রবন্ধ উপস্থাপনায় ড. মুহাম্মদ রহিম উদ্দিন ১৯৪৭ থেকে ১৯৭১ এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। তিনি শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর অর্থনীতি, আধুনিক কৃষি ব্যবস্থা, শিল্পায়ন ও সৎ নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং প্রশাসনিক ভবন ও হলসমূহ আলোকসজ্জায় সাজানো হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪