স্টাফ রিপোর্টার: ডিসেম্বরের মাঝামাঝি সময় হলেও দেশে শীতের তীব্রতা বাড়ার কোনো লক্ষণ নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি বছর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় শীতের অনুভূতি কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিনিয়র আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শনিবার পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়লেও রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে গত কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চললেও তাপমাত্রা স্থিতিশীল রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত না হওয়ায় শীত কম অনুভূত হচ্ছে। তবে জানুয়ারিতে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে শীত কিছুটা বাড়তে পারে।
ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও শীতের তীব্রতার নিচে।
রিপোর্টার্স২৪/বাবি