রিপোর্টার্স২৪ ডেস্ক: ফেনীর শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুনে ৩টি মোটরসাইকেল এবং দুইটি বসার বেঞ্চ পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কাজ শেষ করে দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভিতরে আগুন দেয় দুর্বৃত্তরা। সেক্ষেত্রে নিরাপত্তা প্রহরীর চিৎকারে উপরের তলার কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, “উপর তলা থেকে দ্রুত নেমে আগুন নেভানোর চেষ্টা করায় আগুন ছড়াতে পারেনি। তবে সিঁড়িঘরে থাকা ৩টি মোটরসাইকেল এবং দুইটি বসার বেঞ্চ পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/ঝুম