রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের বিভিন্ন শহরে ভয়াবহ আকার ধারণ করেছে বায়ুদূষণ। ১২৭টি দেশের শহর নিয়ে প্রকাশিত সর্বশেষ তালিকায় আজ শুক্রবার বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১১তম।
সকাল ১০টা ৬ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৪৩৬, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২৪২ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চীনের বেইজিং। এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভাতের দিল্লি। যার স্কোর হচ্ছে ২৩৭। অর্থাৎ স্কোর অনুযায়ী এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।
এ ছাড়া ২১২ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। তালিকায় ১৬৩ স্কোরে একাদশ অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম