রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও নোয়াব সভাপতি এ কে আজাদ সই করা এক বিবৃতিতে বলা হয়, এই হামলা শুধু গণমাধ্যমের ওপর নয়, এটি আমাদের সমাজ, গণতান্ত্রিক মূল্যবোধ ও সর্বোপরি বাংলাদেশের ওপর আক্রমণ। গভীর রাতের ওই হামলায় প্রতিষ্ঠান দুটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদহানির পাশাপাশি সংবাদকর্মীদের জীবনও ঝুঁকির মধ্যে পড়েছিল। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায়িত্বহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুরু থেকেই মব ভায়োলেন্স (সংগঠিত সহিংসতা) প্রতিরোধে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ধারাবাহিকতার আরেকটি ভয়াবহ উদাহরণ। গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
সম্পাদক পরিষদ ও নোয়াব ছায়ানট ভবনে হামলার ঘটনাকেও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ফোন করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন এবং পাশে আছেন বলে জানিয়েছেন। তবে এই হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে
সম্পাদক পরিষদ ও নোয়াবের দাবি, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। এছাড়া সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া তারা পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনগুলোকে এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি