ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষ্ণ সাগর উপকূলবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় আবারও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যার পর রাশিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। হামলার ফলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।
ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরনগরী এবং কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। এই শহরে মোট তিনটি সমুদ্রবন্দর রয়েছে, যেগুলোর মাধ্যমে ইউক্রেন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শস্য, খাদ্যপণ্য ও অন্যান্য পণ্য রপ্তানি করে থাকে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবারের হামলাটি ওডেসার তিনটি বন্দরের একটি‘পিভদেন্নি’ বন্দরে চালানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার ওডেসা এবং এর বন্দর এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দেয় রুশ সেনারা। ওই সেতু ধ্বংস হওয়ার ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং প্রতিবেশী দেশ মলদোভা ও রোমানিয়ার সঙ্গে ওডেসার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।
এই হামলাকে ইউক্রেনের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/ঝুম