রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে সীমান্ত পার হতে সহায়তাকারী দুই ব্যক্তিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।
আসামি সিবিউন দিউ এবং সঞ্জয় চিসিমকে প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তদন্তের স্বার্থে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
ডিবি পুলিশের আবেদনে জানানো হয়েছে যে, সীমান্তে অবৈধ পারাপার চক্রের মূল হোতা হিসেবে জনৈক 'ফিলিপ' নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। সিবিউন ও সঞ্জয় মূলত ফিলিপের হয়েই কাজ করতেন।
মূল হোতা ফিলিপকে শনাক্ত ও গ্রেফতারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ জরুরি। ফিলিপের সাথে এই কিলিং মিশনের আর কার কার যোগাযোগ ছিল এবং এই চক্রে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
বর্তমানে সিবিউন ও সঞ্জয় ছাড়াও এই মামলায় প্রধান আসামি ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক এবং আরও কয়েকজন সহযোগী গ্রেফতার রয়েছেন। এর মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা