স্টাফ রিপোর্টার: নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের প্রতি মানবিক হওয়ার প্রয়োজন নেই।
রোববার (২১ ডিসেম্বর) তিন বাহিনীর প্রধান ও পরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং যৌথ বাহিনীর অভিযান জোরদারের নির্দেশনা দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সেনাবাহিনী এক লাখ সদস্য মোতায়েন করবে, যার এক-তৃতীয়াংশ ইতিমধ্যে মাঠে রয়েছে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জড়িত ব্যক্তিরা যে-ই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইসি বলেছে, এসব সহিংসতা নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতে এ ধরনের সুযোগ আর দেওয়া হবে না।
ইসি দাবি করেছে, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব বাহিনী প্রস্তুত।
রিপোর্টার্স২৪/বাবি