কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিহত শাহিন কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শাহিন চোখে কম দেখতেন। ডায়াবেটিস, ব্রেইনসহ নানান রোগে ভুগছিলেন। রবিবার বিকেলে প্রতিদিনের মতোই আসরের নামাজ পড়তে কুমারখালী বড় জামে মসজিদে গিয়েছিলেন শাহিন। সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজের পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন ও স্বজনরা।পরে কুমারখালি ফায়ার সার্ভিসে খবর দিলে সাড়ে তিন ঘন্টা ধরে অভিযান চালিযে বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, স্বজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহটি সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন