| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৮:০২:২৩:অপরাহ্ন  |  ৩১২৬৬২ বার পঠিত
ঝিনাইদহে শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৮ দফা দাবিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর তত্ত্বাবধানে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, তারা শুধু আশ্বাস নয়—দাবির পক্ষে লিখিত প্রজ্ঞাপন চান।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উচ্চ মাধ্যমিক শেষ করে তারা কৃষি ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেও কোনো সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দেশের প্রচলিত অন্যান্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মতো সমান সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। তারা সমতা, উচ্চশিক্ষার সুযোগ এবং ন্যায্য অধিকার দাবি করেন।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাসান ওয়ারিসুল কবিরসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ ক্যাম্পাস শাখার সভাপতি মো. শাহিনুল ইসলাম শুভ বলেন, গত ৯ মাস ধরে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। আমরা আশ্বাস নয়, লিখিত প্রজ্ঞাপন চাই। উচ্চশিক্ষা আমাদের অধিকার।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪