রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা মাত্র চার ঘণ্টায় পাঁচ লাখ ২৬ হাজার টাকা অনুদান পেয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, চার ঘণ্টা আগে সাধারণ জনগণের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তাঁর বক্তব্য, আমরা যদি নতুন ধারার রাজনীতি করতে চাই, তবে তার শক্তি হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষ।
ডা. জারা বলেন, অনুদানের সংখ্যা থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন যে, অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে—৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা বা ১০০ টাকা। অনেকে সঙ্গে ছোট ছোট বার্তাও দিয়েছেন।
তিনি জানান, ফান্ডরেইজিংয়ের মোট লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা, যার মধ্যে প্রথম মাইলফলক হিসেবে পাঁচ লাখ ২৬ হাজার টাকা অর্জিত হয়েছে। লক্ষ্য পূর্ণ হলে ফান্ডরেইজিং বন্ধ করা হবে।
ডা. জারা আরও নিশ্চিত করেছেন, সকল অর্থ উত্তোলন ও খরচ স্বচ্ছভাবে করা হবে এবং সমগ্র হিসাব অনুদানদাতাদের সঙ্গে শেয়ার করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি