বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। এ সময় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তা সমাধানের দাবি জানান।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
সভায় ব্যবসায়ী নেতারা শুল্ক ফাঁকি ও ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত নন এমন ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দর এবং রাজস্ব আদায়ে এর বড় ভূমিকা রয়েছে। বন্দরের সীমাবদ্ধতা ও সমস্যা চিহ্নিত করে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বেশি রাজস্ব আদায় হলে তা জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে এবং সঠিক উপায়ে রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সব বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা নাজমুল মুন্নী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি উলাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারাও পরিদর্শন করেন।
দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী ২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলা সফর করছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব