সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে দলের নেতাকর্মীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং স্টেশনের উভয় পাশে শত শত যাত্রী আটকা পড়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট রেলস্টেশনে বিএনপির নেতাকর্মীরা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ও শুয়ে রেললাইন অবরোধ করেন। তারা অভিযোগ করেন, ২৫ ডিসেম্বরের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন অপেক্ষার পর রেলওয়ে সোমবার রাতে জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না।
বিক্ষোভকারীরা বলেন, আমরা টিকিটের বিনিময়ে বৈধভাবে বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু তিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।” তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
অবরোধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ, জরুরি দাপ্তরিক কাজ ও অসুস্থ স্বজনের জন্য যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এক যাত্রী অভিযোগ করেন, “আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের সময়ের মূল্য অনেক। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছি।
লালমনিরহাট ডিআরএম অফিস জানিয়েছে, ডিআরএম বর্তমানে কুড়িগ্রাম জেলায় পরিদর্শনে আছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি