| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৯:২৯:১৩:অপরাহ্ন  |  ৩১২০৬০ বার পঠিত
মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ওই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন।

বুধবার(২৪ডিসেম্বর) দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সালাহউদ্দিন আহমদ, যিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক।

তিনি বলেন, আমাদের নেতা বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবেন। আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট) এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এটি একটি সংক্ষিপ্ত আয়োজন। সেখানে তারেক রহমান দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে অবস্থান করবেন তারেক রহমান।

তিনি আরও জানান, শুক্রবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার নামাজের পর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখান থেকে সড়কপথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে সালাহউদ্দিন বলেন, এর পরদিন তিনি নিজে ভোটার হতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এছাড়া শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪