| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:১৩:০৭:অপরাহ্ন  |  112291 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রহসনের রায়ের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন। তিনি বলেন, “প্রহসনের মিথ্যা রায়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেত।

ড. আসিফ নজরুল জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বিষয়ক একটি বৈঠক আজ দুপুরেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হবে, এবং মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, জানাজার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

উপদেষ্টা সভায় খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ দেখা হয়েছিল ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে, যখন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি বলেন, “জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে। জানাজার নামাজ শৃঙ্খলার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ড. আসিফ নজরুল আরও জানান, সভায় খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, বিশ্বের যত জায়গায় বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেসব স্থানে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং নিরাপত্তাসহ সব ক্ষেত্রে সরকারের সহায়তার প্রশংসা করেন।

উপদেষ্টা বলেন, আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪