| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘাতের মধ্যেই ইয়েমেনি পক্ষগুলোকে সংলাপে ডাক দিল সৌদি আরব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৩:০২:৫৭:অপরাহ্ন  |  63799 বার পঠিত
সংঘাতের মধ্যেই ইয়েমেনি পক্ষগুলোকে সংলাপে ডাক  দিল সৌদি আরব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইয়েমেনে নতুন করে তীব্র সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে সব ইয়েমেনি রাজনৈতিক ও সামরিক পক্ষকে রিয়াদে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) অবস্থান লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে।

সৌদি আরব জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) দেশটির দক্ষিণাঞ্চলের সংকট নিরসনে রিয়াদে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের অনুরোধ জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই সংলাপের উদ্দেশ্য হবে ‘দক্ষিণ ইয়েমেন ইস্যুতে ন্যায়সঙ্গত ও সমন্বিত সমাধানের রূপরেখা তৈরি’।

এই উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হাদরামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) অবস্থানে বিমান হামলা চালিয়েছে। রয়টার্স প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে সাইয়ুন এলাকায় হামলার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত এসটিসি ঘোষণা দিয়েছে, তারা দক্ষিণ ইয়েমেনকে উত্তরাঞ্চল থেকে আলাদা করার লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে।

এদিকে ইয়েমেন পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিশ্লেষকেরা। ইয়েমেনভিত্তিক রাজনৈতিক ও সংঘাত বিশ্লেষক হিশাম আল-ওমেইসি বলেছেন, দক্ষিণাঞ্চলের সর্বশেষ সহিংসতা যুদ্ধের একটি নতুন ও বিপজ্জনক পর্যায়ের সূচনা করেছে। তাঁর ভাষায়, প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলো এখন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত দেখা দিতে পারে। একই সঙ্গে তিনি এটিকে ‘প্রক্সি যুদ্ধের ভেতরে আরেকটি প্রক্সি যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন, যার প্রভাব সোমালিয়া ও সুদান পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইয়েমেন থেকে তাদের সব সামরিক সদস্য প্রত্যাহার সম্পন্ন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করেই এই প্রত্যাহার কার্যক্রম শেষ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা ইস্যু, আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং চলমান সামরিক সংঘাত মিলিয়ে দেশটি আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগোচ্ছে। আল জাজিরা

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪