সিনিয়র রিপোর্টার: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই পর্যালোচনা শেষে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখাই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আইপিএলের ক্ষেত্রে খেলাটির মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। সাধারণত দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে সেই দূরত্ব কমানোর কথা বলা হয়। কিন্তু এখানে উল্টো চিত্র দেখা গেছে।
তিনি বলেন, সংবাদমাধ্যমে যেসব তথ্য এসেছে, তাতে দেখা যাচ্ছে রাজনৈতিক যুক্তিতে বাংলাদেশের একজন ক্রিকেটারকে দলভুক্ত করার পর আবার বাদ দেওয়া হয়েছে। এতে দেশের মানুষের মনে স্বাভাবিকভাবেই আঘাত লাগে এবং জনমনে প্রতিক্রিয়া তৈরি হয়। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকেও একটি অবস্থান নিতে হয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, এই অবস্থান নেওয়ার জন্য আইনি ভিত্তি কী হতে পারে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে তা যাচাই করা হচ্ছে। সবকিছু পর্যালোচনা করে এরপর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, এ বিষয়ে আইন উপদেষ্টার প্রস্তাব এবং অর্থ উপদেষ্টার বক্তব্যের মধ্যে কোনো সাংঘর্ষিকতা দেখছেন না। বরং একটি নির্দিষ্ট পরিস্থিতি তৈরি হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। তিনি বলেন, চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই।
রিজওয়ানা হাসান বলেন, খেলার যুক্তিতে কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া হলে সেটি স্বাভাবিক বিষয়। কিন্তু যে যুক্তিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সে কারণেই সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে।
তিনি আরও জানান, আইপিএল সম্প্রচার নিয়ে আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তার আলোকে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোন মাধ্যমে এবং কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, তা নির্ধারণের পর সরকার আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানাবে।
প্রসঙ্গত, মৌলবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব সামনে আসে।
রিপোর্টার্স২৪/এসসি