| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান জানালেন অ‍্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৫:৪৮:৫৭:অপরাহ্ন  |  62946 বার পঠিত
বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান  জানালেন অ‍্যাটর্নি জেনারেল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে আহ্বান জানান, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে।

রবিবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল এই বক্তব্য রাখেন। সংবর্ধনা আয়োজন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। এটি বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে আক্রান্ত করেছে। জাতি প্রত্যাশা করে, বিচার বিভাগ সব ধরনের সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত হোক।’ তিনি বুদ্ধিবৃত্তিক দুর্নীতি নিয়েও সতর্ক করেন এবং বলেন, ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ এবং ক্যানসারের চেয়েও মরণঘাতি।’

তিনি অতীতের ১৫ বছরের বিচার বিভাগের দিক নির্দেশনা তুলে ধরে বলেন, ‘অতীতে বিচার বিভাগকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার সফল বিপ্লবের পর একটি স্বাধীন ও সার্বভৌম বিচার ব্যবস্থা গঠনের সম্ভাবনা উন্মোচিত হয়েছে।’

নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারকদের মানসিকতা স্বাধীন করার পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

তিনি বিচার জটিলতা সম্পর্কে উল্লেখ করেন— আপিল বিভাগে ৩৯,৪১৭টি এবং হাইকোর্ট বিভাগে ৬,৩৭,৮৮২টি মামলা বিচারাধীন। এ জট জনগণের মধ্যে হতাশা ও আস্থাহীনতা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত মামলা নিষ্পত্তি ও ন্যায়নিষ্ঠতা বজায় রাখা জরুরি।

বিচারক নিয়োগে অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি নৈতিকতা, সততা ও সাহসিকতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর অধীনে গঠিত ‘সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ যুগান্তকারী ভূমিকা রাখবে।’

সংবর্ধনা শেষে পবিত্র কোরআনের সূরা মায়েদার আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ‘যখন তুমি বিচার কর, তখন তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফায়সালা কর। নিশ্চয়ই আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন।’

অ্যাটর্নি জেনারেলের আশা, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ তার হারানো গৌরব ও মর্যাদা পুনরুদ্ধার করবে এবং আর কখনো স্বার্থান্বেষী মহলের কেন্দ্রে পরিণত হবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪