ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরে পড়ে মোয়াম্মার হোসাইন আল আনসারী (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াম্মার হোসাইন আল আনসারী পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা দেওলোয়ার হোসাইন আল আনসারীর একমাত্র পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশের একটি দল এসআই ইকবালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয় এবং দাফনের অনুমতি দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির বাবা-মাসহ স্বজনরা। স্থানীয় প্রতিবেশীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী শিশুটির জানাজায় অংশ নেন। তিনি বলেন, দেওলোয়ার হোসাইন আল আনসারী আমাদের দলের ডিমলা উপজেলা সভাপতি। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। তিনি শিশু মৃত্যুর মতো দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি