| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের কঠোর বার্তা, উত্তপ্ত জাতিসংঘ

বিশ্বের বিচারক হতে পারে না যুক্তরাষ্ট্র: মাদুরো ইস্যুতে চীনের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৩:০০:৩৪:অপরাহ্ন  |  100716 বার পঠিত
বিশ্বের বিচারক হতে পারে না যুক্তরাষ্ট্র: মাদুরো ইস্যুতে চীনের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে বিচারের মুখোমুখি করার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে চীন। বেইজিং বলছে, ওয়াশিংটন ‘বিশ্বের বিচারক’ বা ‘বিশ্বের পুলিশ’ হয়ে উঠতে পারে না। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোনো দেশই নিজেকে বিশ্বের পুলিশ বা বিচারক হিসেবে প্রতিষ্ঠা করতে পারে না। আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা উচিত।

মাদুরোকে চোখ বেঁধে ও হাতকড়া পরানো অবস্থায় আটকের ছবি প্রকাশের পর এটিই ছিল চীনের শীর্ষ কূটনীতিকের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম নেননি, তবে ‘ভেনেজুয়েলার হঠাৎ পরিস্থিতি’ উল্লেখ করে ওয়াশিংটনের দিকেই ইঙ্গিত করেন।

জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন

মাদুরো নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন। একই সময়ে কলম্বিয়ার অনুরোধে চীন ও রাশিয়ার সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক বসে। সেখানে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের আইনগত ভিত্তি নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান আন্তর্জাতিক ব্যবস্থায় একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন লেই বলেন,ইতিহাস আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় সামরিক শক্তি কোনো সমস্যার সমাধান নয়। নির্বিচারে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে।

কেন চীনের অবস্থান গুরুত্বপূর্ণ

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার পক্ষে চীন সরাসরি বড় ধরনের অর্থনৈতিক বা সামরিক সহায়তা দিতে না পারলেও, কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকে বেইজিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীন–গ্লোবাল সাউথ প্রজেক্টের সহ-প্রতিষ্ঠাতা এরিক ওল্যান্ডার বলেন, চীন জাতিসংঘে এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মতামত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এই মুহূর্তে ভেনেজুয়েলাকে বাস্তব সহায়তা দেওয়ার সুযোগ সীমিত।

তিনি আরও বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান ও জিম্বাবুয়ের মতো দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বজায় রেখে চীন তার মিত্রদের প্রতি অঙ্গীকার দেখিয়েছে।

লাতিন আমেরিকায় চীনের জন্য বড় ধাক্কা?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে। এমনকি কিউবার কমিউনিস্ট সরকার নিয়েও তিনি মন্তব্য করেছেন যে, দেশটি ‘নিজেই ভেঙে পড়ার পথে’। এতে লাতিন আমেরিকার যেসব দেশ চীনের ‘গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ’-এ যুক্ত হয়েছে, তারা নতুন করে ভাবতে শুরু করেছে সংকটে পড়লে এই উদ্যোগ তাদের কতটা সুরক্ষা দিতে পারবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার সব দেশকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। বড় শক্তিগুলোকে দায়িত্বশীল আচরণের উদাহরণ স্থাপনের কথাও বলেন তিনি, যদিও যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার নাম সরাসরি উল্লেখ করেননি।

ভেনেজুয়েলা–চীন সম্পর্কের পটভূমি

ভেনেজুয়েলা ১৯৭৪ সালে তাইওয়ানের পরিবর্তে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৯৮ সালে ক্ষমতায় আসা হুগো চাভেজের আমলে এই সম্পর্ক আরও গভীর হয়। যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে গিয়ে চীনের শাসনব্যবস্থার প্রশংসা করেন চাভেজ।

চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে মাদুরো ক্ষমতায় এলেও এই ঘনিষ্ঠতা বজায় থাকে। এমনকি ২০১৬ সালে মাদুরোর ছেলেকে চীনের শীর্ষস্থানীয় পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্র ও মিত্রদের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে চীন ভেনেজুয়েলার তেল পরিশোধনাগার ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ করে দেশটিকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সহায়তা করে। ২০২৪ সালে চীন ভেনেজুয়েলা থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যার অর্ধেকই ছিল তেল।

চীনা সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,ভেনেজুয়েলার জন্য নির্ভরযোগ্য বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিল চীন। মাদুরো আটক হওয়াটা আমাদের জন্য বড় ধাক্কা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪