শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ করেছে নড়িয়া উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে শীতজনিত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও অসহায়দের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সদস্য ও স্থানীয়রা অংশ নেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।