| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কাজগুলো ঘরে করতে পারেন না মেসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:২৩:৩৯:অপরাহ্ন  |  59037 বার পঠিত
যে কাজগুলো ঘরে করতে পারেন না মেসি

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে লিওনেল মেসি মানেই নিখুঁত ছন্দ, ক্ষিপ্রতা আর নীরব ঘাতকের মতো আঘাত। লাখো দর্শকের চোখের সামনে তিনি যতটা আত্মবিশ্বাসী ও দৃঢ়, ঘরের চার দেয়ালের ভেতরে ঠিক ততটাই সংযত, শৃঙ্খলাপরায়ণ এবং নিঃশব্দ এক মানুষ। সম্প্রতি দেওয়া এক দীর্ঘ ও খোলামেলা সাক্ষাৎকারে নিজেই তুলে ধরেছেন নিজের সেই ভিন্ন জীবনের গল্প যেখানে ফুটবলের ঝলক কম, আর আছে নিয়ম, নীরবতা আর গভীর ভালোবাসা।

মেসি স্বীকার করেছেন, তিনি স্বভাবগতভাবেই একা থাকতে ভালোবাসেন। তার ভাষায়, আমি একা থাকতে উপভোগ করি। ঘরে তিনটা বাচ্চা দৌড়াদৌড়ি করলে অনেক সময় খুব ক্লান্ত লাগে। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে যিনি নেতৃত্বের প্রতীক, ঘরে তিনি বরং শান্ত পরিবেশেই মানসিক ভারসাম্য খুঁজে নেন।

নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে মেসি জানিয়েছেন, তিনি ভীষণ গোছানো ও নিয়মপ্রিয়। দৈনন্দিন রুটিনে সামান্য পরিবর্তন এলেই অস্বস্তিতে ভোগেন। আমি খুব স্ট্রাকচার্ড। দিনের পরিকল্পনা বদলে গেলে মাথা এলোমেলো হয়ে যায়, বলেছেন তিনি।

কাপড় রং অনুযায়ী সাজানো, ম্যাচের আগের দিন সব প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করা এসব তার অভ্যাসের অংশ। মজার ব্যাপার হলো, এই শৃঙ্খলাবোধ নাকি উত্তরাধিকারসূত্রে পেয়েছে তাঁর বড় ছেলে থিয়াগো।

তবে ঘরের ভেতরে একটি বিষয়ে মেসির স্বাধীনতা নেই বললেই চলে। সেটি হলো ফুটবল নিয়ে অতিরিক্ত ‘পাগলামি’। সারাদিন মাঠে বা অনুশীলনে বলের সঙ্গে সময় কাটানোর পর বাসায় বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলায় কড়া লাগাম রয়েছে। এ বিষয়ে কঠোর তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

হাসতে হাসতে মেসি বলেন, বাসায় খুব বেশি বল খেলতে দেয় না। বেশি অগোছালো করা যাবে না। ভালোবাসা প্রকাশের ধরনেও মেসি নিজেকে আলাদা মনে করেন। তিনি খুব আবেগপ্রবণ বা প্রকাশভঙ্গিম মানুষ নন।

আমি খুব এক্সপ্রেসিভ নই, তবে খেয়াল রাখি। প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে চেষ্টা করি, বলেন তিনি।

মেসির মতে, আন্তোনেলা তাঁর চেয়ে অনেক বেশি আবেগপ্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যে তর্কও হয়েছে। কারণ মেসি তুলনামূলকভাবে অনেক বেশি ‘ঠান্ডা’ স্বভাবের।

তবে সবকিছুর ঊর্ধ্বে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের তিনি ভালোবাসেন, তাদের হাসিখুশি দেখা। ফুটবলের ইতিহাসে যাকে প্রায় নিখুঁত এক চরিত্র হিসেবে দেখা হয়, সেই লিওনেল মেসির এই স্বীকারোক্তি মনে করিয়ে দেয়। মহাতারকার আড়ালেও আছেন এক নীরব, শৃঙ্খলাপ্রিয় ও গভীরভাবে ভালোবাসতে জানা সাধারণ মানুষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪