| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে থাকবে ইইউর ২০০ জন পর্যবেক্ষক

সিইসির সঙ্গে বৈঠক: ভোটে কী কী চ্যালেঞ্জ, শুনল ইইউ পর্যবেক্ষণ মিশন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৮:৫৫:৪৪:অপরাহ্ন  |  65713 বার পঠিত
সিইসির সঙ্গে বৈঠক: ভোটে কী কী চ্যালেঞ্জ, শুনল ইইউ পর্যবেক্ষণ মিশন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট ঘিরে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবহিত হন ইইউ পর্যবেক্ষকরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের মোট ২০০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া এবং এতে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আমাদের বিস্তারিতভাবে অবহিত করেছেন।

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ইভার্স ইইয়াবস বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে তারা আশ্বস্ত হয়েছেন।

ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান আরও বলেন, আমরা মাত্র আমাদের মিশন শুরু করেছি। একটি পূর্ণাঙ্গ টিম পুরো নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে কাজ করবে। সব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরে আমরা একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব।

সিইসি কী জানিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার পুরো নির্বাচন প্রক্রিয়া আমাদের ব্যাখ্যা করেছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি আশাবাদী, নির্বাচন কমিশন এটি যথাযথভাবে মোকাবিলা করতে পারবে।

মিশন প্রধানের নেতৃত্বে ইইউ পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এ বিষয়ে রোববার একটি আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার কথাও জানান তিনি।

বৈঠকে ইইউ পর্যবেক্ষণ মিশনের ডেপুটি চিফ অব অবজারভার ইনতা লেসি, লিগ্যাল অ্যানালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসঙ্ক উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪