| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোসাব্বিরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও থানা ঘেরাও

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ২০:১৭:০৭:অপরাহ্ন  |  32271 বার পঠিত
মোসাব্বিরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও থানা ঘেরাও
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দুই দিন পার হলেও ঘাতকদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর তেজগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং কাওরান বাজারের ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থল তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাওরান বাজার মোড় ঘুরে তেজগাঁও থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভকারীরা প্রায় ৩০ মিনিট ধরে থানা ঘেরাও করে রাখেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তেজগাঁও থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলে বিক্ষোভ মিছিলটি পুনরায় কাওরান বাজার মোড় হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, পুলিশ তাদের জানিয়েছে যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই খুনিদের গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন,

মোসাব্বির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিহতের পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা থানায় এসেছিলেন। আমরা তাদের জানিয়েছি, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের পরিচয় নিশ্চিত করে গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। একই ঘটনায় কাওরান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ চিকিৎসাধীন রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪