| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক : শান্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১১:২৮:৩৯:পূর্বাহ্ন  |  30421 বার পঠিত
ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক : শান্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি প্রকাশসহ নানা ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে করা বিতর্কিত মন্তব্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন। একজন বিসিবি পরিচালকের এমন বক্তব্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ইতোমধ্যে এক বিবৃতিতে এই মন্তব্যের নিন্দা জানিয়েছে।

এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের হতাশা ও অসন্তোষের কথা জানালেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ২ উইকেটে হারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক শান্ত।

তিনি বলেন,খুবই দুঃখজনক। আমরা এমন একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করছি, যিনি সাবেক অধিনায়ক এবং আমার মতে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। যাকে দেখে আমরা বড় হয়েছি। একজন ক্রিকেটার সফল হতেই পারে, নাও হতে পারে। কিন্তু দিনশেষে একজন ক্রিকেটার সবসময় সম্মানটুকু আশা করে।

শান্ত আরও বলেন,যে মানুষটা বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা সত্যিই দুঃখজনক।

তবে শান্ত’র সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এই কারণে যে, মন্তব্যটি এসেছে বিসিবিরই একজন পরিচালকের কাছ থেকে। তিনি বলেন,সবচেয়ে কষ্টের জায়গা হলো ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি তারা আমাদের আগলে রাখবে, রক্ষা করবে। সেই জায়গা থেকে আমি বলব, একজন ক্রিকেটার হিসেবে এটা আমি একদমই মানতে পারি না।

নিজের অনুভূতি আরও ব্যাখ্যা করে শান্ত বলেন,আমি যদি আমার বাবা-মায়ের কথা বলি তারা আমাকে ঘরের ভেতরে বকাবকি করতেই পারে। কিন্তু আমি কখনোই চাইব না, মানুষের সামনে আমাকে অপমান করা হোক। এখানে যিনি মন্তব্যটি করেছেন, তিনিও তো আমাদের অভিভাবকের জায়গায়। এটা গ্রহণ করা একজন খেলোয়াড় হিসেবে খুবই কঠিন।

তিনি আরও যোগ করেন,আমি জানি না কেন বা কী কারণে এ ধরনের মন্তব্য এসেছে। কিন্তু অভিভাবক হিসেবে এমন মন্তব্য করা কোনোভাবেই যৌক্তিক নয়। আমি ব্যক্তিগতভাবে এবং একজন ক্রিকেটার হিসেবে এটা একদমই গ্রহণ করি না।

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য ঘিরে এ নিয়ে ক্রিকেট অঙ্গনে সমালোচনা অব্যাহত রয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের বক্তব্য ক্রিকেটার ও বোর্ডের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক নয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪