| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর বিদায় নিশ্চিত, শীর্ষে এলো চট্টগ্রাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৯:৩৫:৫২:অপরাহ্ন  |  ৮১৫৫১৯ বার পঠিত
নোয়াখালীর বিদায় নিশ্চিত, শীর্ষে এলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের বয়কটের কারণে একদিন পিছিয়ে যাওয়া বিপিএলের ম্যাচগুলো শুক্রবার মাঠে গড়ায়। দিনের প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নেয় নোয়াখালী।

এই জয়ের ফলে আগেই প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে।

টস জিতে প্রথমে নোয়াখালী এক্সপ্রেসকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। সৌম্য সরকার ও হাসান ইসাখিলের উদ্বোধনী জুটিতে শুরুটা মন্দ হয়নি নোয়াখালীর। দুজনে মিলিয়ে যোগ করেন ৩৪ রান। তবে সৌম্য ৮ বলে ১৪ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। পাওয়ারপ্লের শেষ বলে ২০ বলে ২৫ রান করা হাসান ইসাখিলও বিদায় নেন। ছয় ওভারে দুই উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ৪৯ রান।

এরপর একের পর এক ব্যাটার ফিরতে থাকায় ছন্দ হারায় নোয়াখালী। তিন নম্বরে নামা জাকের আলী অনিক কিছুটা লড়াই করলেও অন্য প্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। অধিনায়ক হায়দার আলী করেন ১১ বলে ১২ রান। জাকের ২২ বলে ২৩ রান করে থামেন দলের ৮৬ রানে।

হাবিবুর রহমান সোহান ১৫ বলে ১১ রান ও মুনিম শাহরিয়ার ১ বলে ১ রান করে ব্যর্থ হন। শেষ দিকে সাব্বির হোসেন ১৯ বলে ২২ রানের ইনিংস খেললেও তাতে বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে নোয়াখালী এক্সপ্রেস থামে ১২৬ রানে।

চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করেন শরিফুল ইসলাম। মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শেখ মেহেদী হাসান নেন ৩ উইকেট, আর আমের জামাল শিকার করেন একটি উইকেট।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন মাহমুদুল হাসান জয়। পরের ওভারে মোহাম্মদ হারিস ৫ বলে ৭ রান করে বিদায় নেন। মাহফিজুল ইসলাম ৮ বলে কোনো রান না করেই ফিরে যান। ওপেনার নাঈম শেখ ৮ বলে ১৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। পাওয়ারপ্লে শেষে ৪ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৪৪ রান।

চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক শেখ মেহেদী হাসান। হাসান নওয়াজের সঙ্গে জুটি গড়ে ধীরে এগোলেও নওয়াজ ১৪ বলে ১১ রান করে আউট হন। এরপর আসিফ আলীকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মেহেদী। দুজনেই ধৈর্য ধরে ইনিংস সাজিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। শেখ মেহেদী হাসান ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। আসিফ আলী ৩০ বলে ৩৬ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নোয়াখালীর হয়ে ইহসানউল্লাহ নেন ২ উইকেট। হাসান মাহমুদ, জাহির খান ও সাব্বির হোসেন নেন একটি করে উইকেট। ম্যাচে অসাধারণ বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জেতেন শরিফুল ইসলাম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪