স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠের নামে করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্থায়ীভাবে সংযুক্ত হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের ত্যাগের ইতিহাস তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংসদের গ্যালারিগুলো এখন থেকে বীরশ্রেষ্ঠদের নামে পরিচিত হবে।
নতুন নামকরণ অনুযায়ী, গ্যালারি-৩ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের নামে, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে করা হয়েছে।
এছাড়া ভিআইপি গ্যালারি-১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। সংসদের গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রয়েছে।
জানা গেছে, পূর্বে এসব গ্যালারির নাম ফুল ও নদীর নামে ছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে, যাতে সংসদ ভবনের ভেতরেই দেশের স্বাধীনতার চেতনা আরও দৃশ্যমান হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে জাতীয় সংসদ শুধু আইন প্রণয়নের কেন্দ্র হিসেবেই নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরত্বগাঁথা তুলে ধরার একটি প্রতীকী স্থান হিসেবেও নতুন মাত্রা পেল।
রিপোর্টার্স২৪/বাবি