স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি সংক্রান্ত সব কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ না করলে বিকল্প কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা তৈরি করে জমা দিতে দল পরিচালনা বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছে বোর্ড।
পিসিবির এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ইস্যু। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অনিচ্ছার বিষয়টি প্রকাশ্যে আনার পর বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশকে ঘিরে চলমান এই অনিশ্চয়তার কোনো গ্রহণযোগ্য সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে। এমনকি চূড়ান্তভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়েও পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি।
সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রভাব পড়তে পারে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের আসর। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের পর্দা ওঠার কথা।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি এই ইস্যুতে একসঙ্গে দৃঢ় অবস্থান বজায় রাখে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই এগোতে হবে। অন্যথায়, বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখোমুখি হতে হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম