রিপোর্টার্স২৪ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হঠাৎ করেই বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানাতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। গত ১৮ জানুয়ারি পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান নিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবির পাশে থাকার আগ্রহ প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, পিসিবির মতে বাংলাদেশের দাবি যৌক্তিক। ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দল, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। সে কারণেই বাংলাদেশ ভারতে নয়, শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় বলে উল্লেখ করা হয়। পাকিস্তান সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানানো হয়।
তবে জিও নিউজের ওই প্রতিবেদনের বিষয়ে নিশ্চিত করে জিও টিভি ও জিও নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল ইমরান জানান, তথ্যটি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া হলেও এটি পিসিবির আনুষ্ঠানিক ঘোষণা নয়।
এরপরও খবরটি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক সমর্থকই মনে করেন, নিরাপত্তাজনিত উদ্বেগ তুলে ধরে ভারতে খেলতে না চাওয়ার যে অবস্থান বাংলাদেশ নিয়েছে, অন্তত সেই ইস্যুতে পাকিস্তানের নৈতিক সমর্থন পাওয়া গেছে। অনেকের আশা ছিল, পিসিবি এ বিষয়ে আইসিসির ওপর চাপ সৃষ্টি করতে পারে।
ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার কারণে দুই দেশের ক্রিকেট সম্পর্কও স্বাভাবিক নয়। একে অপরের দেশে তারা খেলতে যায় না, এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টেও সৌহার্দ্যপূর্ণ আচরণ চোখে পড়ে না। সে কারণেই ধারণা করা হচ্ছিল, পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারত ও আইসিসির বিপক্ষে কৌশলগত চাপ তৈরি করতে পারে।
এ অবস্থায় সোমবার দুপুরে নতুন একটি খবর ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়। পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশের দাবি মানা না হলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে। এমনকি পিসিবি নাকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের অনুশীলনও বন্ধ করে দিয়েছে।
এই খবরে বাংলাদেশে নতুন করে আশার সঞ্চার হয়। অনেকেই মনে করতে থাকেন, পাকিস্তানও যদি বিশ্বকাপ বর্জনের পথে যায়, তবে আইসিসির ওপর চাপ বাড়বে এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের বিষয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
তবে সোমবার সন্ধ্যায় আসে ভিন্ন বার্তা। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ইংরেজি দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের খবরকে সম্পূর্ণ অমূলক বলে উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে সমর্থন জানালেও পাকিস্তান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের কোনো সিদ্ধান্ত নেয়নি।
গালফ নিউজ পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে না গেলেও পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে না। রেভস্পোর্টজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র স্পষ্টভাবে জানায়, ‘এটি পিসিবির অবস্থান নয়।’
তবে পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। পিসিবির মতে, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য।
রিপোর্টার্স২৪/ধ্রুব