দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ইমিগ্রেশনে কুমিল্লার হত্যা মামলার আসামি ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছে। ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কুমিল্লার একটি হত্যা মামলার পলাতক আসামি শেখ তাইসুখ ইসলাম (২৮) গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় সোমবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শেখ তাইসুখ ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর সোনালী জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ জানান, আজ সকালে শেখ তাইসুখ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন। সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৬৯, তারিখ ২৭ মে ২০২৫। মামলাটি একই দিনে আদালতে (জি.আর. নং ৩৯৫/২০২৫) গ্রহণ করা হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১১৪/১৪৭/১৪৯/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ তাইসুখ ইসলামের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনা ইমিগ্রেশন পুলিশ শেখ তাইসুখ ইসলাম (২৮) নামে একজনকে আটক করে থানা হেফাজতে দিয়েছেন। তার নামে কুমিল্লায় একটি মামলা রয়েছে। তাই নিয়মানুযায়ী তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব