কালাম আজাদ, ইতালি প্রতিনিধি :
ইতালির তুসিয়া বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টি ভিটারবো শহরে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুসিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় দ্বিতীয় তলার অংশবিশেষ ধসে পড়ে। তবে সকল ছাত্র-শিক্ষককে সঠিক সময়ে সরিয়ে নেওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। একইসঙ্গে দ্রুততম সময়ে আগুন নেভায় ভিটারবো ফায়ার ব্রিগেড।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভবনে সংস্কার কাজ চলছিলো, আর সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে এর তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, অগ্নিকাণ্ডের কারণে বিশাল কালো ধোঁয়া শহরের এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের জানালা বন্ধ রাখার নির্দেশ দেয়। একইসঙ্গে ধোঁয়ায় বিষাক্ত পদার্থ থাকতে পারে বলে স্থানীয়দের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।