রিপোর্টার্স২৪ ডেস্ক: গুগল সম্প্রতি জানিয়েছে, প্রায় ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মধ্যে। এসব ফোনে ব্যবহার হচ্ছে এমন সফটওয়্যার, যা আর কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি আপডেট পাচ্ছে না।
গ্লোবাল ডেটা অনুযায়ী, প্রায় ১০০ কোটি ডিভাইস চলছে এমন পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে। ফলে এগুলো সহজেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য সাইবার হামলার শিকার হতে পারে।
গত বছর থেকে গুগল অ্যানড্রয়েড ১২ ও তার আগের সংস্করণের জন্য নিরাপত্তা আপডেট বন্ধ করেছে। তবু সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে মাত্র ৫৮ শতাংশই অ্যানড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে আপডেট করেছেন। নতুন সংস্করণ অ্যানড্রয়েড ১৬ ব্যবহার হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পুরোনো ফোনগুলো ব্যাকগ্রাউন্ড স্পাইওয়্যারসহ অন্যান্য সাইবার হুমকির সহজ লক্ষ্য। ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত মেসেজ ও আর্থিক লেনদেনের তথ্যও হ্যাকারের হাতে চলে যেতে পারে।
গুগল পরামর্শ দিচ্ছে, যারা এখনো পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, তারা শিগগির নতুন ডিভাইসে আপগ্রেড করুন। এছাড়া অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখাও জরুরি।
বিশ্বজুড়ে সাইবার হামলার বৃদ্ধি এবং পুরোনো ফোন ব্যবহার করা ঝুঁকির প্রেক্ষিতে গুগলের এই সতর্কবার্তা নতুন করে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম