| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৫:০৫:৪০:অপরাহ্ন  |  ৪০৯ বার পঠিত
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: শুধু বিচারকের সংখ্যা বা বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার (২৫ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, বেঞ্চ বাড়ানোর পাশাপাশি বিচারকদের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ পুনর্গঠন, বিচারক নিয়োগ, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং আলোচিত কয়েকটি হত্যা মামলার শুনানি নিয়েও কথা বলেন তিনি। গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনাসহ সাম্প্রতিক কিছু বিষয়ে তিনি আবেগের পরিবর্তে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাজট কমাতে কতটি বেঞ্চ রয়েছে, শুধু সেই সংখ্যা বিবেচনা করলেই হবে না। সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে কী পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। একই ধরনের এখতিয়ার থাকা সত্ত্বেও একেকটি বেঞ্চের মামলা নিষ্পত্তির সক্ষমতায় পার্থক্য থাকতে পারে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য গঠিত একটি বিশেষ বেঞ্চের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রায় ৩০ থেকে ৩৫টি কার্যদিবসে ওই বেঞ্চে প্রায় ২৪টি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের মামলা নিষ্পত্তি হয়েছে। মাদারীপুরের আছিয়া ও ফেনীর নুসরাতের মতো আলোচিত মামলাও এর মধ্যে রয়েছে। অথচ একই ধরনের এখতিয়ারসম্পন্ন অন্য বেঞ্চগুলোতে সমপরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে কী না, তা পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা প্রয়োজন।

তিনি বলেন, বিচারিক কার্যক্রমের গতি বাড়াতে বিচারকদের দক্ষতা ও কর্মনিষ্ঠার পাশাপাশি বেঞ্চের কার্যকারিতার ওপরও নজর দিতে হবে। যোগ্য বিচারক নিয়োগ ও বিদ্যমান বিচারিক কাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে মামলাজট কমানোর উদ্যোগ আরও কার্যকর হবে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর প্রথম দীর্ঘ ছুটি শেষে হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চের কর্মক্ষেত্র পুনর্গঠন করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মামলাজট কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, বেঞ্চ পুনর্গঠনের ক্ষেত্রে অভিজ্ঞ বিচারকদের পাশাপাশি দক্ষ, সৎ, মেধাবী ও কর্মনিষ্ঠ তরুণ বিচারকদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিচারব্যবস্থায় গতিশীলতা আনতে বিচারকদের যোগ্যতা ও কাজের প্রতি নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনাসহ সাম্প্রতিক কিছু ঘটনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব বিষয়ে আবেগের বশবর্তী না হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান নিশ্চিত করা উচিত।

তিনি বলেন, সমাজে শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। একই সঙ্গে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তবে তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমানোর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তবে এ বিষয়ে সিদ্ধান্ত শুধু প্রধান বিচারপতির ওপর নির্ভর করে না। হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের সম্মিলিত সিদ্ধান্তের বিষয় রয়েছে।

দীর্ঘ ছুটির কারণে বিচারিক কার্যক্রমে যে বিরতি তৈরি হয়, তা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি। তবে ছুটি কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের মতামত ও সম্মিলিত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

‎

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪