রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রী হওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গুঞ্জনে বলা হচ্ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় তাকে নেওয়া হতে পারে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনের আগে দলটির কয়েকজন প্রার্থীর প্রচারণায় তামিমকে দেখা যাওয়ায় সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনায় তার নাম ঘুরতে থাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি। তিনি লেখেন, সারাদিন তাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখেছেন, যা পুরোপুরি মিথ্যা। ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সে এবারের জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিয়েছেন এবং পছন্দের প্রার্থীকে সমর্থন করেছেন।
এদিকে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম নিয়েও। যদিও তিনি ঢাকা-১৬ আসনে নির্বাচন করে জয়ী হতে পারেননি এবং ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তের ঘোষণা আসেনি।
রিপোর্টার্স২৪/আরকে