| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেডফোনে বিষাক্ত রাসায়নিকে ক্যানসারের ঝুঁকির আশঙ্কা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ২২:৫৭:০২:অপরাহ্ন  |  ১৩৩২২৩৮ বার পঠিত
হেডফোনে বিষাক্ত রাসায়নিকে ক্যানসারের ঝুঁকির আশঙ্কা

স্টাফ রিপোর্টার: বাজারে পাওয়া জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের হেডফোনে হরমোন-ব্যাহতকারী বিষাক্ত রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় গবেষকেরা। তাদের মতে, এসব উপাদান দীর্ঘমেয়াদে ক্যানসারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ইউরোপের ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় ৮১টি ইন-ইয়ার ও ওভার-ইয়ার হেডফোন পরীক্ষা করা হয়। গবেষকদের দাবি, পরীক্ষিত প্রতিটি নমুনাতেই এন্ডোক্রাইন ডিসরাপ্টিং বা হরমোন ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম রাসায়নিক পাওয়া গেছে। পরীক্ষার আওতায় বোস, প্যানাসনিক, স্যামসাং ও সেনহাইজারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যও ছিল।

গবেষণায় বিসফেনল–এ (বিপিএ) ও বিসফেনল–এস (বিপিএস) নামের রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে, যেগুলোকে দীর্ঘস্থায়ী বা ‘চিরস্থায়ী রাসায়নিক’ হিসেবে বিবেচনা করা হয়। এসব উপাদান মানবদেহে নারী হরমোন ইস্ট্রোজেনের মতো আচরণ করতে পারে। এর ফলে মেয়েদের ক্ষেত্রে অকাল বয়ঃসন্ধি, পুরুষদের হরমোনগত পরিবর্তন এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষিত হেডফোনের প্রায় ৯৮ শতাংশে বিপিএ এবং তিন-চতুর্থাংশের বেশি নমুনায় বিপিএস পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে রাসায়নিকের মাত্রা প্রতি কেজিতে সর্বোচ্চ ৩১৫ মিলিগ্রাম পর্যন্ত ছিল, যা ইউরোপীয় কেমিক্যালস এজেন্সির সুপারিশকৃত নিরাপদ সীমা (১০ মিলিগ্রাম/কেজি) থেকে অনেক বেশি। সেনহাইজার অ্যাকসেনটাম ট্রু ওয়্যারলেস ও বোস কুইটকমফোর্টসহ কয়েকটি মডেলে এই সীমা অতিক্রমের তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, হেডফোন দীর্ঘ সময় কানে লাগিয়ে রাখার কারণে প্লাস্টিক অংশ থেকে নির্গত রাসায়নিক ঘামের সঙ্গে মিশে ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। আগের গবেষণাতেও বিপিএ ও বিপিএস ত্বক দিয়ে শোষিত হওয়ার প্রমাণ মিলেছে।

গবেষকেরা ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘টক্সফ্রি লাইফ ফর অল’ অংশীদারত্বের প্রধান এমেসে গুলিয়াস বলেন, ভোক্তাদের সুরক্ষায় হরমোন-ব্যাহতকারী বিষাক্ত রাসায়নিকের পুরো শ্রেণি নিষিদ্ধ করা জরুরি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪