| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব চরমে, নতুন রাজনৈতিক দল আসছে যুক্তরাষ্ট্রে?

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৫ ইং | ০৯:৫৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৭৮৬০৭৪ বার পঠিত
ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব চরমে, নতুন রাজনৈতিক দল আসছে যুক্তরাষ্ট্রে?
ছবির ক্যাপশন: ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব চরমে, নতুন রাজনৈতিক দল আসছে যুক্তরাষ্ট্রে?

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের চরম  অবনতি ঘটেছে তার সাবেক উপদেষ্টা ইলন মাস্কের। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তির দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে। একদিকে ট্রাম্প যেমন মাস্ককে হুমকি দিয়েছেন কঠিন পরিণতির, অন্যদিকে মাস্কও আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসন করানোর। 

এ ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এ বিষয়ে প্রথম ইঙ্গিত দেন তিনি। খবর সিবিএস নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ জুন) ট্রাম্পকে কটাক্ষ করে একাধিক পোস্টের মাঝে ২২ কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালান মাস্ক। জরিপে তিনি প্রশ্ন রাখেন—‘যুক্তরাষ্ট্রে এমন নতুন রাজনৈতিক দল তৈরির সময় কি আসেনি, যা আসলে মধ্যপন্থি ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে?’

পরের দিনই মাস্ক জানান, জরিপে ৮০ শতাংশ উত্তরদাতা নতুন দল গঠনের পক্ষে মত দিয়েছেন। এরপর তিনি এক ভক্তের দেওয়া ‘আমেরিকা পার্টি’ নামের প্রস্তাব সমর্থন করেন।

উল্লেখ্য, ‘আমেরিকা পার্টি’ নামটি মাস্কের প্রতিষ্ঠিত ‘আমেরিকা পিএসি’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই পিএসি (রাজনৈতিক তহবিল কমিটি) থেকেই মাস্ক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পসহ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ২৩৯ মিলিয়ন ডলার খরচ করেছিলেন।

তবে, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন সহজ কোনো কাজ নয়। বড় দুই দল—ডেমোক্র্যাট ও রিপাবলিকানসহ কয়েকটি তৃতীয় দল এরই মধ্যে প্রায় সব অঙ্গরাজ্যে ব্যালট অ্যাক্সেস পেয়ে রয়েছে। নতুন দলের জন্য অঙ্গরাজ্যভিত্তিক জটিল নিয়ম পেরিয়ে প্রার্থিতা নিশ্চিত করতে হয়।

এছাড়া আইনিভাবে আমেরিকা পিএসি–এ মাস্ক অনির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে পারলেও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলের জন্য এই সীমা ১০ লাখের অনেক নিচে নির্ধারিত।

অবশ্য, মাস্ক নিজেই এই উদ্যোগ কতটা গুরুত্ব সহকারে নিচ্ছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা অব্যাহত রাখারই আভাস দিয়েছেন তিনি। বিশ্বের শীর্ষ এ ধনী রিপাবলিকানদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আছেন সাড়ে তিন বছর, আমি থাকবো ৪০ বছরের বেশি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪