রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে তার নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে ‘দখলদার জায়নবাদী শক্তি’ ইসরায়েলকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এটি তার নেতৃত্বে পরিচালিত প্রথম সামরিক হামলা।
আইআরআইবির প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও দেখানো হয়। সেখানে ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা ছিল- আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর নয় দিন পর দেশটির প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।
ইরানের ক্ষমতা কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান রাষ্ট্রের শীর্ষে। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি ও পার্লামেন্টসহ রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে