| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের প্রেসিডেন্টকে কড়া বার্তা এরদোয়ানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১২:৪৩:৫০:অপরাহ্ন  |  ৩৬৯৭৭০ বার পঠিত
ইরানের প্রেসিডেন্টকে কড়া বার্তা এরদোয়ানের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত ৪ মার্চ এবং দ্বিতীয়বার গত সোমবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে। দুই ক্ষেত্রেই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।

সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার পর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। ফোনালাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে চলমান সংঘাতে সরাসরি কোনো পক্ষ না হয়েও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে।

প্রতিবেশী দেশগুলোর ওপর হামলাকে ‘বেআইনি হস্তক্ষেপ’ উল্লেখ করে এরদোয়ান বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর আক্রমণ করে কোনো পক্ষই লাভবান হবে না। আঙ্কারা কখনও এমন কার্যক্রম সমর্থন করবে না বলেও তিনি জানান।

তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবারও এ ধরনের ঘটনা ঘটে, তাহলে তুরস্ক নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

অন্যদিকে এরদোয়ানের অভিযোগের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪