| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েল-মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের তীব্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ০৯:৫৮:০০:পূর্বাহ্ন  |  ৩৬৬৪৩৯ বার পঠিত
ইসরায়েল-মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের তীব্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের বড় ধরনের হামলার ঘটনায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় ব্যাপক হামলা চালিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর এটি ইরানের চালানো সবচেয়ে তীব্র ও শক্তিশালী হামলাগুলোর একটি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তীতে দেওয়া এক নির্দেশনায় জানানো হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র (শেল্টার) থেকে বেরিয়ে আসতে পারেন।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ভূপাতিত করা হয়েছে।

তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠিক কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোড়া হয়েছে- এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত, ফলে পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পর বৈরুতের দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত নতুন করে আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি, এএফপি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪